বাংলা গল্প ‘রহমানের মা’ -রণেশ দাশগুপ্ত
একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশ সবেমাত্র স্বাধীন হয়েছে। যারা মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন তাদের স্মৃতি তখন উড়তে শেখা পাখির বাচ্চার মতো, বুঝি তা অনন্ত ভবিষ্যতের অভিসারী। দখলদার পাকিস্তানী সেনাবাহিনীর বাছাইকরা খুনেরা যে হাজার হাজার মেয়ের সম্ভম নষ্ট করেছিল তাদের বীরাঙ্গনা বলা হচ্ছে এবং তারা সামাজিকভাবে সমাদর পাচ্ছেন। পথে প্রান্তরে ছড়িয়ে থাকা কঙ্কাল আর করোটি সরিয়ে ফেলা হলেও সেগুলো কারও মন থেকে সরে যায়নি।
ঢাকায় শহিদ মিনারের চত্বর থেকে শুরু করে বুড়িগঙ্গার বাঁধ পর্যন্ত রাস্তার আশেপাশে দখলদার বাহিনী আগুন লাগিয়ে যেসব এলাকা পুড়িয়ে দিয়েছিল সেগুলোর অঙ্গার তখনো যেন কালো কালো আঙুলে শহরের আকাশকে বিধছে। এই অবস্থায় ১৯৭১-এর ২৬শে মার্চের স্বাধীনতা দিবসের সমস্ত অনুষ্ঠানে ঐকান্তিকতার সঙ্গে মুক্তিযোদ্ধা আর বীরাঙ্গনাদের সম্মানিত করা হচ্ছে। শহিদদের নামে এলাকায় এলাকায় জয়-জয়কার করা হচ্ছে।
একই সঙ্গেই বিশেষভাবে সম্মান জানানো হচ্ছে শহিদদের আত্মীয়-স্বজনকেও। মহানগরীতে সভা-সমিতির একটা বড় আকর্ষণ শহিদের কোনো প্রিয়জনকে উপস্থিত করা। এই রেওয়াজ সামনে রেখে ঢাকার শহরতলিতে একটা মহল্লার অনুষ্ঠানের আমন্ত্রণলিপিতে জানানো হয়েছিল সভায় রহমানের মা উপস্থিত থাকবেন। ৭১-এর ২৬শে মার্চের রাতে মহল্লার চব্বিশ পঁচিশ বছরের জোয়ান ছেলে আবদুর রহমান ইয়াহিয়া খানের সাঁজোয়া বাহিনীর বিশাল ঢলের সামনে রাইফেল নিয়ে দাঁড়িয়েছিল বড় রাস্তার ভাঙাচোরা নানারকম জিনিসপত্র দিয়ে তৈরি একটা ব্যারিকেডের পেছনে। বলা বাহুল্য, প্রাণ দিয়েছিল। তার প্রৌঢ় মাকে এতদিন মহল্লার সবাই চুপি চুপি সান্ত্বনা জানিয়ে আসছিল।
| লেখকঃ রণেশ দাশগুপ্ত |
স্বাধীনতার পরে আর সান্ত্বনা নয়। এবার সম্মান বীরের মা হিসেবে পাওনা। একটা স্কুলবাড়ির আঙিনায় চেয়ার পেতে সভা। স্কুলের বারান্দায় মঞ্চ। তার সামনের চেয়ারগুলোতে মহল্লার গণ্যমান্য পুরুষেরা। মঞ্চে প্রধান অতিথি হিসেবে একজন নামকরা লোকের চেয়ারের পাশে সভাপতির চেয়ার, তার পাশেই রহমানের মায়ের জন্য চেয়ার। মঞ্চে টেবিলে একটা সদ্য ধোয়া সুজনির ওপর হারমোনিয়াম আর ফুলদানি। মহল্লার যে সব জোয়ান ছেলে রহমানের সঙ্গে একত্রে নানা রকম সামাজিক রাজনৈতিক কাজ করেছে, তারা ঘোরাফেরা করছে। উনিশ-কুড়ি বছরের দুটি ? মেয়ে রয়েছে এদের সঙ্গে।
সভা শুরু হলো। মহল্লার একজন বৃদ্ধ কোরআন থেকে পাঠ করলেন। এরপর ‘জাতীয় সঙ্গীত’ সোনার বাংলা গাইলো স্কুলের ছেলেমেয়েরা। সভাপতি ঘোষণা করলেন রহমানের মা আসছেন। সবাই দেখলো কয়েকজন যুবক ছেলের আগুপিছুতে রহমানের মা সভায় ঢুকছেন। একঝলকেই সবাই দেখলো তাঁকে। আপাদমস্তক বোরকায় মোড়া। পায়ে পাতলা চটি, তাদের মধ্যে শীর্ণ দুটি পা।
বোরকার বাইরে দুদিকে দুটি নিরলঙ্কার হাত মাঝে মাঝে রহমানের সাথী যুবক ছেলেদের কাঁধে ভর করা। গতি ক্ষিপ্র, বারান্দায় উঠলেন কয়েক লহমার মধ্যে আঙ্গিনায় ঠাসাঠাসি করে বসানো চেয়ারের ফাঁকগুলোকে পেরিয়ে। তাঁকে তরুণীরা চেয়ারে বসিয়ে ধরে দাঁড়িয়ে রইল। প্রধান অতিথি ভাষণ দিলেন সমস্ত বাংলাদেশের পক্ষ থেকে শহিদ আবদুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে।
সভাপতি মহল্লার বনেদী সমস্ত বাসিন্দার পক্ষ থেকে রহমানের মায়ের গৌরবের কথা বললেন একবারে ঘরোয়া ভাষায়। বোরকায় আপাদমস্তক ঢাকা রহমানের মা কাঠের পুতুলের মতো চেয়ারে আড়ষ্ট হয়ে বসে বক্তৃতা শুনলেন। ডান হাতে ধরা রইল মুখের ওপর দুচোখের দুটো ছাদাওয়ালা আবরণীর ফালিটি। এরপরে যথারীতি গান ও কবিতা আবৃত্তি হলো। আবদুর রহমানের যুবক সাথীরা দুচার কথা বলে চাচি আম্মাকে সান্ত্বনা জানালো।
অবশেষে কিছু বলার জন্য অনুরোধ করা হলো রহমানের মাকে। রহমানের মা কোনরকম ভূমিকা না করে বললেন, “রহমাইন্যা চাইছিল দ্যাশটারে স্বাধীন করতে। দ্যাশ স্বাধীন হইছে। এহন আপনারা দ্যাশের দশজনে যদি দ্যাশের মাইনষেরে খাওন পরন থাকন দিবার পারেন, তাইলে আপনারা আপনেগো কাম করবেন। মহল্লার মাইয়্যা ছ্যাওয়ালগো লেহাপড়া শিখানোর এই ইস্কুলটার লাইগ্যা রহমান খাটছে। এই ইস্কুলটা যেন থাহে।
আমি আমার রহমাইনারে দিছি। অরে কোলে কইরা বেওয়া হইছিলাম। এতটা ডাগর করছিলাম। আমার আর কিছু নাই। তবু কই। দ্যাশের লাইগ্যা যদি কাজে ডাকেন, আমু। আমি শহিদের । আমি রহমানের মা।” হাততালিতে সভা জমজমাট হয়ে উঠল। এরপরেই রহমানের মা একটা অঘটন ঘটালেন। তিনি তাঁর মুখের ওপর নেমে আসা বোরকার একফালি আবরণীকে এক ঝটকায় মাথার ওপর তুলে দিয়ে সমস্ত সভার দিকে দৃপ্ত নয়নে তাকালেন।
অনুশীলনী
কর্ম-অনুশীলন
১। মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী যেসব অত্যাচার-নির্যাতন করেছিল তার একটি তালিকা কর।
২। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজ গঠনে তুমি কী কী কাজে অংশ নিতে পার তা লেখ।
বহুনির্বাচনি প্রশ্ন
১। মুক্তিযুদ্ধে প্রাণদানকারীদের স্মৃতি কীসের মতো?
ক. উড়তে শেখা পাখির বাচ্চার মতো
গ. দৌড়াতে শেখা ঘোড়ার বাচ্চার মতো
খ, হাঁটতে শেখা বিড়ালের বাচ্চার মতো
ঘ. দাঁড়াতে শেখা মানুষের বাচ্চার মতো
২। এবার সম্মান বীরের মা হিসেবে পাওনা- বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. রত্নগর্ভা মা
গ. নির্যাতিত মা
খ. অপমানিত মা
ঘ. চিরন্তনী মা
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা অনুষ্ঠান। সেখানে অলঙ্কার হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে একজন ভাষাসৈনিককে। এতে তাঁকে সম্মানিত করা হবে এবং পাশাপাশি তরুণ প্রজন্ম উজ্জীবিত হবে।
৩। উদ্দীপকের আমন্ত্রিত অতিথি ‘রহমানের মা’ গল্পে যে চরিত্রকে ইঙ্গিত করে
i একজন বৃদ্ধ
ii রহমানের মা।
iii মেয়ে দুটি
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i ও iii
৪। উদ্দীপকের সাথে রহমানের মা’ গল্পের কোন বিষয়টির সাদৃশ্য ফুটে উঠেছে?
ক. শহিদ পরিবারকে পরিচিত করানো
খ. অতীতের রেওয়াজ অনুসরণ
গ. শহিদ পরিবারকে মূল্যায়ন করা
ঘ. বর্তমান ধারার রীতি অনুসরণ
সৃজনশীল প্রশ্ন।
‘আসাদের মৃত্যুতে আমি অহীন; অশোক; কেননা নয়ন কেবল ব্রজবর্ষী, কেননা আমার বৃদ্ধ পিতার শরীরে এখন পশুদের প্রহারের। চিহ্ন : কেননা আমার বৃদ্ধামাতার কণ্ঠে নেই আর্ত হাহাকার, নেই অভিসম্পাত- কেবল দুর্মর ঘৃণার আগুন।’
ক. চেয়ার পেতে সভা বসেছিল কোথায়?
খ. জয়-জয়কার’ বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকের আসাদ রহমানের মা’ গল্পের যে চরিত্রের বৈশিষ্ট্যকে ধারণ করে তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের বৃদ্ধা মাতাই যেন ‘রহমানের মা’ গল্পের রহমানের মা চরিত্রের প্রতিকৃতি”